শেষ কবে দেখেছি তাকে
চাইনি তা মনে রাখতে
কিন্তু মনে প্রায়েই সে আসে
ক্ষণিকের জন্যে থাকতে।
কাজের মধ্যে ডুবে থেকে
কতবার চেয়েছি ভুলতে
তবুও অবাধ্য চিন্তার আজও
পারিনি যে জট খুলতে।
পুরোনো কথা ভাবতে হয়তো
অনেকেরই ভাল লাগে
জানি না কেন আমার এসব
বেদনার সাথে জাগে।
মন কে আমি প্রশ্ন করি
কেন তাকে মনে করে
শান্ত হয়েই থাকা ভাল
কেন হাতছানি উড়ো ঝড়ে।
সব ভাবনার মাঝে হঠাৎ
শুনলাম চেনা ডাক
আজও সে একই রকম
দেখেই লাগে তাক।
কিছুই বলা হল না আমার
ঘোলাল ভাবনা যত
দুটো ঘণ্টা কেটে গেল
এক মুহূর্তের মত।
চলে যাওয়ার আগে একবার
তাকাল সে ফিরে পিছু
চোখ দুটো তার দেখে লাগলো
বলার ছিল কিছু।
হালকা হেসে, মাথা নেড়ে
গেল সে আড়াল হয়ে
ভাঙা মনটার আরেক টুকরো
মনে হয় গেল লয়ে।
দেখে সেই মুখ আজও যদি
এমন তর হবে
মন বলল শুধু শুধু কেন
তাকে দোষ দেওয়া তবে।
কি লাভ হয়েছে নিজেকে হারিয়ে
শুধু তাকে ভালবেসে
জটিল এসব হিসেব বোঝা
মন জানালো মুচকি হেসে।
ঘোর কাটতে লাগলো সময়
তবু সব যেন ছিল থেমে
বুঝলাম যতই ঢেকে রাখি
আজও বিভোর আমি প্রেমে।

A beautiful piece of work. Loved it to the moon and back.
Again went too far! 😀